সারাদেশ
আশুলিয়ায় মাদরাসা থেকে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রিভলবার উদ্ধার
ঢাকার আশুলিয়ায় একটি মাদরাসা প্রাঙ্গণের নির্মাণাধীন ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৪। অস্ত্রটির গায়ে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১৭ জুন) বিকেলে আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত একটি মাদরাসায় অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৪-এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। প্রাথমিকভাবে মাদক মজুতের তথ্য পেলেও তল্লাশির সময় মাদরাসার অভিভাবকদের অপেক্ষা কক্ষের পাশের একটি নির্মাণাধীন ওয়াশরুমে সন্দেহজনক কিছু পাওয়া যায়।
পরে ওই ওয়াশরুমের টয়লেটের মেঝেতে ইটের নিচে লুকিয়ে রাখা একটি ছেঁড়া শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতরে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড ২২ বোরের গুলি পাওয়া যায়।
র্যাব জানায়, উদ্ধার করা আট চেম্বারবিশিষ্ট রিভলবারটির ব্যারেল, ট্রিগার ও হ্যামারসহ সব অংশ অক্ষত রয়েছে। অস্ত্রটির গায়ে ‘মেইড ইন পাকিস্তান’ খোদাই করা আছে। এছাড়া গুলির পেছনেও ইংরেজি অক্ষর ‘টি’ খোদাই করা ছিল।
র্যাব-৪-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় জানান, অস্ত্র ও গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এগুলোর উৎস এবং কারা মাদরাসা প্রাঙ্গণে এনে লুকিয়ে রেখেছিল, তা উদ্ঘাটনে তদন্ত চলছে।
উদ্ধার করা আলামত আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।