সারাদেশ

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় চাচি-ভাতিজির মর্মান্তিক মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় চাচি-ভাতিজির মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মোড়লকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খায়রুল মাদবরের স্ত্রী রিমি বেগম (৩৫) এবং হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। তারা সম্পর্কে চাচি-ভাতিজি।

জানা গেছে, তারা একটি বিয়ের দাওয়াতে যোগ দিতে পরিবারের সদস্যদের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে করে পাশের গ্রামে যাচ্ছিলেন। পথে মোড়লকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান ভ্যানটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চালকসহ যাত্রীরা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিমি বেগম ও আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে ভ্যানচালক লিটন (১৯) ও আয়শার মা মাহিমা আক্তার রয়েছেন। গুরুতর আহত লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।