সারাদেশ

টাঙ্গাইলে ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

টাঙ্গাইলে ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, মরদেহ উদ্ধার। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলে মাসুদ মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ জুলাই) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদ কুইজবাড়ী গ্রামের লাল মাহমুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে এলাকাবাসী মাসুদের মরদেহ দেখতে পেয়ে ইউপি সদস্য ফরহাদ আলীকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ইউপি সদস্য ফরহাদ আলী জানান, এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। নিহতের এক কান কাটা ছিল এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।