সারাদেশ

নিখোঁজের ৮ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:১৪ পিএম

নিখোঁজের ৮ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে নদীতে পড়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা প্রায় ৮ ঘণ্টা অভিযানের পর বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে তার মরদেহ পাওয়া যায়।

জানা গেছে, সকাল ১১টা ২০ মিনিটে স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজের সময় নদীতে পড়ে নিখোঁজ হন সাদিক। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন।

দীর্ঘ অনুসন্ধানের পর সন্ধ্যায় আরিচা কাম-স্থল নদী ফায়ার স্টেশনের ডুবুরি মেরাজ আলী সাদিকের মরদেহ শনাক্ত করেন।

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি দল অংশ নেয়।

উল্লেখ্য, সাদিকের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি গ্রামে। কর্মক্ষেত্রে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ গত বছর তিনি ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকে ভূষিত হন।