সারাদেশ
কৌতূহলের বশে বাড়ি থেকে বেরিয়ে দৌলতদিয়ায় গেল ৫ শিশু, অতঃপর...
রাজবাড়ীর দৌলতদিয়ায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার সময় ১০ থেকে ১৩ বছর বয়সী পাঁচ শিশুকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পরে তাদের পরিবারের সদস্যদের খবর দিয়ে থানায় এনে শিশুদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশু পাঁচটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুরা হলো মো. হিরোন, জিসান, আবুজার, মো. আব্দুল্লাহ ও খালিদ বিশ্বাস। তাদের বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে। পাঁচ শিশুরই বাড়ি মাগুরা সদর থানার কাদিরাবাদ এলাকায়।
পুলিশ জানায়, শিশুরা পরস্পরের বন্ধু। কৌতূহল ও দুরন্তপনার বশে তারা সকালে একসঙ্গে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে মাগুরা সদর থানা এলাকা থেকে একটি ইজিবাইক ভাড়া করে দৌলতদিয়ায় পৌঁছায়। সেখানে বাসস্ট্যান্ড এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল তারা।
এ সময় গোয়ালন্দ ঘাট থানার টহল পুলিশের সদস্যদের বিষয়টি নজরে আসে। তারা শিশুদের সঙ্গে কথা বললে কৌতূহলবশত একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসার বিষয়টি জানায় শিশুরা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
সন্তানদের খুঁজে না পেয়ে এদিকে উদ্বিগ্ন ছিলেন পরিবারের সদস্যরা। পুলিশ ফোনে তাদের সন্তানদের দৌলতদিয়ায় পাওয়ার খবর জানালে অভিভাবকরা থানায় এসে উপস্থিত হন। পরে শিশুদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পাঁচ শিশুকে উদ্ধার করা হয়েছে। তারা কৌতূহলবশত মাগুরা থেকে একসঙ্গে বের হয়ে দৌলতদিয়ায় চলে আসে। পরে তাদের অভিভাবকদের খবর দেওয়া হয় এবং শিশুদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।