সারাদেশ

নতুন আরেক স্বৈরাচার সরকার গজিয়ে উঠেছে বাংলাদেশে, সামনে কঠিন লড়াই: নাহিদ ইসলাম


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

নতুন আরেক স্বৈরাচার সরকার গজিয়ে উঠেছে বাংলাদেশে, সামনে কঠিন লড়াই: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম। ছবি: ঢাকাপ্রকাশ

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পাটি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, নতুন এক স্বৈরাচার সরকার গজিয়ে উঠেছে বাংলাদেশে। আমাদের সামনে কঠিন লড়াই।

তিনি বলেন, গত ৭ মাসে জনগণের সঙ্গে পদে পদে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল। কথা ছিল দেশের দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, বৈষম্য, থাকবে না। সবই রয়ে গেছে, শুধু স্বৈরাচার পলাতক শেখ হাসিনা দিল্লীতে চলে গিয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর লং মার্চে টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাসের পথসভায় বিশেষ অতিথির তিনি একথা বলেন। 

নাহিদ বলেন, আমরা দেখেছি, কিভাবে র‌্যাবের বিলুপ্তির কথা বলে, তারা র‌্যাবকে এসআরবি পরিণত করেছে। একইভাবে হাসিনার সরকার তারেকের সরকারে পরিণত হয়েছে। জনগণ একই আছে, আইনকানুন একই আছে, শুধু লোক বদলিয়েছে। দেশের কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, তারা বলেছিল ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান করবে, কিন্ত তারা সাধারণ মানুষের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে। কর্মসংস্থান হচ্ছে ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের। আমরা এই রকম বাংলাদেশ হতে দেবো না। 

টাঙ্গাইলের উদ্দেশ্যে নাহিদ আরও বলেন, আমরা টাঙ্গাইলের মাওলানা ভাসানীর উত্তরসূরি। আমরা বাংলাদেশের জন্য লড়াই করে যাচ্ছি। আমাদের দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। দেশের অভ্যন্তরে যে নতুন স্বৈরাচার, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম।

টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্ব ও সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীরের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান।

এছাড়াও এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদের (বীর বিক্রম), জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর আল্লামা মুফতি মোখলেসুর রহমান কাসেমী, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।