সারাদেশ

‘এডিস মশা আগে দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে’


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম

‘এডিস মশা আগে দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে’
ছবি: সংগৃহীত

ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আজমুল হক বলেছেন, এডিস মশা আগে দিনের বেলায় কামড়ালেও এখন রাতেও কামড়াচ্ছে। তাই ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দেশব্যাপী তিন মাস মেয়াদি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন আজমুল হক।

তিনি বলেন, এডিস মশা আগে স্বচ্ছ পানিতে জন্মালেও এখন ময়লা পানিতেও জন্মাচ্ছে। তাই নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবেলায় কাজ করতে হবে।

জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিক উজ্জামানের সভাপতিত্বে পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) শোভন সরকারসহ সংশ্লিষ্টরা।