সারাদেশ

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পিএম

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক
ছবি: সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করেছে পুলিশ।

সোমবার, ৫ অক্টোবর দুপুরে তিল্লি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় র‍্যালিতে ব্যবহৃত ব্যানারটিও জব্দ করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে র‍্যালির আয়োজন করা হয়। বিদ্যালয় থেকে বের হয়ে র‍্যালিটি তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। শিক্ষক দিবসের কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রীর নামসংবলিত এমন ব্যানার স্থানীয়দের নজরে আসে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

সাটুরিয়া থানার পুলিশ জানায়, আটক আবুল হাশেম ভূঁইয়ার বয়স ৪৮ বছর। তিনি দৌলতপুর উপজেলার কুনিয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম মৃত ফুলতান ভূঁইয়া।

এদিকে শিক্ষক দিবসের কর্মসূচিতে রাজনৈতিক ব্যক্তির নামসংবলিত ব্যানার ব্যবহারের ঘটনায় স্থানীয়ভাবে নানা প্রশ্ন উঠেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত শিক্ষা সংশ্লিষ্ট কর্মসূচিতে এমন ব্যানার ব্যবহারের উদ্দেশ্য নিয়েও আলোচনা চলছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি যাচাই বাছাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।