সারাদেশ

ভারতকে ভয় পাওয়ার কিছু নেই, সম্পর্ক হবে সমতার ভিত্তিতে: নাহিদ ইসলাম (ভিডিও)


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম

ভারতকে ভয় পাওয়ার কিছু নেই, সম্পর্ক হবে সমতার ভিত্তিতে: নাহিদ ইসলাম (ভিডিও)
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশকে সমতার ভিত্তিতে সম্পর্ক গড়তে হবে, ভয়ের কিছু নেই—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রাকৃতিক সম্পদের উপর দীর্ঘদিন ধরেই বৈষম্য চলে আসছে। এবার এর প্রতিবাদ করতে হবে চোখে চোখ রেখে।’

বুধবার (৯ জুলাই) বিকেল আড়াইটার দিকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‌‘স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরে শত শত নিরীহ বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অথচ এতদিন কোনো সরকার এর প্রতিবাদ করেনি। আমরা বলে দিয়েছি, আর একজন বাংলাদেশিকেও হত্যা করা চলবে না।’

তিনি বিজিবির উদ্দেশে বলেন, ‘আপনারা ভারতীয় প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলবেন। তারা যদি অস্ত্রের ভাষায় কথা বলে, আপনারাও সেই ভাষায় জবাব দেবেন।’

নাহিদ আরও বলেন, ‘আমাদের পানির ন্যায্য হিস্যা দেওয়া হয়নি। রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে দুর্বল করে রাখা হয়েছে। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এনসিপি এই লড়াইয়ে জনগণের পাশে আছে।’

চুয়াডাঙ্গাবাসীর উদ্দেশে নাহিদ বলেন, ‘আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের পাশে পাবেন। আমরা আপনাদের সন্তান, আপনাদের সঙ্গেই আছি। নতুন করে বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। প্রয়োজনীয় সংস্থা ছাড়া এই দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়নে আমরা মাঠে আছি, মাঠেই থাকব। বিশেষ চাঁদাবাজি ও দুর্নীতি ভয়াবহভাবে বেড়েছে, এখনই এসব প্রতিরোধ করতে হবে।’

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক মোল্লা এহসান ফারুক। এতে আরও বক্তব্য রাখেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, জ্যেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, আক্তার হোসেন প্রমুখ।

এর আগে মেহেরপুরে পদযাত্রা শেষে বৃষ্টি উপেক্ষা করে এনসিপির নেতা-কর্মীরা চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় পথসভা করেন। আলমডাঙ্গা হয়ে বড়বাজার শহীদ হাসান চত্বরে সমাবেশে অংশ নেন তাঁরা। পরে পদযাত্রা দামুড়হুদা ও দর্শনা হয়ে সন্ধ্যায় জীবননগরে গিয়ে শেষ হয়।

এ সময় দর্শনা সুলতানপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিম বাবুর ঝাঝাডাঙ্গা গ্রামের বাড়িতেও যান এনসিপির নেতারা।