সারাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক-আলমসাধু সংঘর্ষে যাত্রী নিহত


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক-আলমসাধু সংঘর্ষে যাত্রী নিহত
ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে বরকত আলী (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মুক্তারপুর মোল্লা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বরকত আলী দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত বুদাে মোল্লার ছেলে। তিনি স্থানীয় হাতিভাঙ্গা মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী জানান, সকালে বরকত আলী কার্পাসডাঙ্গা বাজার থেকে বাজার করে ব্যাটারি চালিত ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। পথে মুক্তারপুর ফেরিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা মাছ বোঝাই স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ‘আলমসাধু’র সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় বরকত আলী সড়কের ওপর ছিটকে পড়ে মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”