সারাদেশ
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, তিন ডিম ব্যবসায়ীকে জরিমানা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাজার তদারকি অভিযানে মূল্য তালিকা না থাকা ও যথাযথ ভাউচার সংরক্ষণ না করায় তিনটি ডিম বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে দামুড়হুদা উপজেলার ঈদগাহ মোড় ও বড় বাজার নিচের বাজা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নিয়মিত তদারকির অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারা অনুযায়ী শাস্তির আওতায় আনা হয়।
জরিমানা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঈদগাহ মোড় এলাকার ‘মেসার্স আব্দুর রহমান ডিম ঘর’, যাকে ৭,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বড় বাজারে অবস্থিত মো. আসলাম উদ্দিনের ‘মেসার্স তৌহিদ ডিম ঘর’ এবং মো. আতিয়ার রহমানের ‘মেসার্স পাপলু ডিম ঘর’– এই দুই প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সতর্ক করে বলা হয়, তারা যেন পণ্যের সঠিক মূল্য তালিকা হালনাগাদ করে স্পষ্টভাবে প্রদর্শন করেন, ভাউচার সংরক্ষণ করেন এবং পণ্যের মান নিশ্চিত করেন। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে ন্যায্য মূল্য এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়া হবে।