সারাদেশ
ঝিনাইদহে নিজের বন্দুকের গুলিতে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের লাইসেন্স করা বন্দুকের গুলিতে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা।
মৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম নজু (৭২)। তিনি উপজেলার সলেমানপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নজু দীর্ঘদিন ধরে গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সলেমানপুর উত্তরপাড়ার নিজ দুইতলা বাড়িতে স্ত্রী, ছেলে ও ছেলের বউকে নিয়ে বসবাস করতেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে তিনি দোতলা থেকে নেমে নিচতলার একটি কক্ষে যান এবং দোতলার প্রধান গেটে সিটকিনি লাগিয়ে দেন।
পরিবারের সদস্যরা জানান, ভোররাতে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন নজু। ভেতর থেকে গুলির শব্দ পেয়ে বাড়ির লোকজন দরজা ভেঙে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তার পারিবারিক জটিলতা ও ব্যাংকঋণের চাপ ছিল বলে জেনেছি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”