সারাদেশ

চুয়াডাঙ্গায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩ জন


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৩:১৬ পিএম

চুয়াডাঙ্গায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩ জন
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন গুরুতরভাবে আহত হন। তাদের মধ্যে জয়নাল মণ্ডল (৫০) চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা গেছেন। আহত অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দহুদা গ্রামের মণ্ডলপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জয়নাল মণ্ডল ওই গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ছেলে। আহতরা হলেন—খাজা মণ্ডল (৫৫), জাহির মণ্ডল (৪৫) এবং খাজা মণ্ডলের ছেলে দিপু মণ্ডল (১৮)।

আহত পরিবারের সদস্যরা জানান, স্থানীয় নূরুল হক পেশকারের সঙ্গে তাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে মাঠে কাজ করার সময় নূরুল হক পেশকারের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে হকি, ইয়ান, আলী হোসেন, তারেখ, রোমান, আবিদ, নজির, বাবু ও মিরাজের নামও উল্লেখ করেছেন তারা। প্রতিপক্ষের লোকজন এলোপাতাড়ি কোপ ও পিটিয়ে চারজনকেই রক্তাক্ত জখম করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, চারজনের শরীরে ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। তিনি বলেন, “চিকিৎসাধীন অবস্থায় জয়নাল মণ্ডল মারা গেছেন। বাকিদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।”

এ ঘটনায় গোবিন্দহুদা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত পরিবারের সদস্যরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, “জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, একজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনার তদন্ত চলছে।”

এদিকে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।