সারাদেশ
বেনাপোল সীমান্ত দিয়ে শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশ–ইন বিএসএফের
বেনাপোল সীমান্ত দিয়ে দুই শিশুসহ মোট ১০ জন বাংলাদেশিকে পুশ–ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (২১ নভেম্বর) গভীর রাতে, রাত প্রায় ৩টার দিকে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয় বলে জানা গেছে।
পুশ–ইন হয়ে দেশে ফেরা ইসমাইল হোসেন জানান, পাঁচ থেকে সাত বছর আগে ভালো কাজের আশায় তারা পরিবার নিয়ে ভারতে যান। কলকাতার রাজারহাট নিউটাউন এলাকায় তারা থাকতেন। সম্প্রতি স্থানীয়ভাবে জানানো হয়- ভারতে বসবাসরত বাংলাদেশিদের চার মাসের মধ্যে দেশ ছাড়তে হবে, না হলে আটক করে জেলে পাঠানো হবে।
এ অবস্থায় দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে সাত দিন আগে তারা বিএসএফের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। ইসমাইল বলেন, “গত রাত আড়াইটা থেকে তিনটার দিকে বিএসএফ আমাদের ১০ জনকে সীমান্ত এলাকায় এনে বললো- সামনে এগোলে বাংলাদেশে চলে যাবে। এরপরই আমরা বেনাপোল সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ি। কিন্তু প্রবেশের সময় সেখানে কাউকে দেখা যায়নি। আমরা কোন পয়েন্ট দিয়ে ঢুকেছি, সেটাও জানি না।”
ফিরে আসা রহিমা খাতুন জানান, অভাবের কারণে তারা কয়েক বছর আগে ভারতে গিয়েছিলেন। তবে এখন সেখানে থাকা সম্ভব হচ্ছে না বলেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন।
পুশ–ইন হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন- ইসমাইল হোসেন, আব্দুল হালিম গাজী, রহিমা খাতুন, হাসিনা বেগম, নাজিম উদ্দিন, শিশু নাইমা, শিশু নাজিমসহ আরও তিনজন। সবার বাড়ি খুলনার কয়রা উপজেলায়।
সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, রঘুনাথপুর সংলগ্ন কোনো একটি সীমান্ত পয়েন্ট দিয়ে তারা দেশে প্রবেশ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “বেনাপোল সীমান্তে এমন কোনও পুশ–ইনের ঘটনা সম্পর্কে এখনো আমি জানি না। কেউ আমাকে জানায়নি। খোঁজ নিয়ে দেখতে হবে।”