সারাদেশ

বেনাপোলে ব্যবসায়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রানে রক্ষা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:১৭ পিএম

বেনাপোলে ব্যবসায়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রানে রক্ষা
ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সোহাগ হোসেন (৩৬) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।

ঘটনাটি শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে ঘটে। সোহাগ বড়আচড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। বর্তমানে তিনি নিজ বাড়িতে না থেকে একই গ্রামের চেকপোস্ট এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ১০ থেকে ১২ জনের একটি দল সোহাগের বাসার সামনে এসে তাকে হুমকি দেয়। একপর্যায়ে তারা ঘরের জানালা ও দরজা লক্ষ্য করে অন্তত তিনটি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির একটি জানালা ভেদ করে ঘরে প্রবেশ করলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে আবার বাইরে চলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোহাগ হোসেন জানান, তিনি অফিস থেকে বাসায় ফেরার কিছুক্ষণের মধ্যেই এ হামলার ঘটনা ঘটে। পূর্বের ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে এ হামলা হতে পারে বলে তিনি ধারণা করছেন। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের প্রকাশ্য গুলির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে গুলি ও খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ যাচাই করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।