সারাদেশ
চুয়াডাঙ্গায় বিজিবির ব্যারাক থেকে নায়েকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (৬ বিজিবি) এক সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। শনিবার (৬ জুন) সকালে এ ঘটনা ঘটে।
নিহত সদস্যের নাম আজিজুল রহমান। তিনি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এ নায়েক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার নিত্যনন্দাপুর গ্রামে।
জানা যায়, সকালে ব্যাটালিয়নের ছয়তলা ব্যারাক ভবনের একটি ফাঁকা কক্ষে দেয়ালের হুকে দড়ি বেঁধে আত্মহত্যা করেন তিনি।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই সদস্য। খবর পেয়ে পুলিশকে জানানো হয়েছে এবং তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।