সারাদেশ
সেই বাবা হারানো ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, পেলেন মাসব্যাপী ছুটি
বাবাকে হারানোর গভীর শোকের মধ্যেও দায়িত্ব আর স্বপ্নের পথে অটল থাকা শিক্ষার্থী ইকনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। তাকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বেতনসহ এক মাসের ছুটি মঞ্জুর করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া ইকনের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন।
এর আগে, বাবার দাফন শেষে রাতে বাগেরহাটে কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করেন ইকন। রাতভর ডিউটি শেষে সকালে অংশ নেন এইচএসসি পরীক্ষায়। তার এই দায়িত্ববোধ ও সংগ্রামী মানসিকতা সবার নজর কাড়ে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম খান, শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলামসহ বিভাগীয় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ইকনের মতো পরিশ্রমী ও দায়িত্বশীল তরুণদের পাশে দাঁড়াতে তারা সবসময় প্রস্তুত।