সারাদেশ

বিএনপিতে যোগ দিলেন বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম

বিএনপিতে যোগ দিলেন বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী
ছবি: সংগৃহীত

নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ১২ অনুসারী বিএনপিতে যোগ দিয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চণ্ডীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামানের কাছ থেকে ফুলের মালা গ্রহণ করে নতুন সদস্যরা বিএনপিতে অন্তর্ভুক্ত হন।

সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম আমজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য ও পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ স্থানীয় নেতারা।

বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিরা হলেন- কামাল হোসেন মিন্টু, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, জিন্নুর রহমান, আতিয়ার রহমান, মিজানুর রহমান আলী, আব্দুল মাজেদ, শাহাজালাল, শহীদ গাজী, গফুর গাজী ও তৌহিদুর রহমান বাবু।

আয়োজকদের দাবি, যোগদানকারীরা সবাই জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনুসারী ছিলেন। তবে তাদের পূর্বে দলের কোনো আনুষ্ঠানিক পদে ছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমজাদুল ইসলাম আমজাদ বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন। নতুন সদস্যদের দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে রাজনীতি করার আহ্বান জানান তিনি।