সারাদেশ
চুয়াডাঙ্গায় সড়ক পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় বৃদ্ধা নিহত
চুয়াডাঙ্গার হাতিকাটা গ্রামে সড়ক পার হওয়ার সময় চলন্ত মাইক্রোবাসের চাপায় ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধিকুণ্ডু গ্রামের মৃত ছলিম উদ্দিনের স্ত্রী। চার থেকে পাঁচ দিন আগে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান জানান, দুপুরে ছকিনা খাতুন হাতিকাটা এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গাড়িটির নিচে পড়ে যান। এতে শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।