সারাদেশ
চুয়াডাঙ্গায় বাসে অভিযান, ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ আ.লীগ নেতা আটক
চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় ও ঢাকা (হেডকোয়ার্টার)-এর বিশেষ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তি হলেন- দোলোয়ার হোসেন (৫৫)। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া (উত্তরপাড়া) গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় দোলোয়ার হোসেনের কাছ থেকে ২ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা (হেডকোয়ার্টার)-এর সহকারী পরিচালক মাহামুদ হাসান সাদিক।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ২ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোলোয়ার হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।