সারাদেশ
চুয়াডাঙ্গা সীমান্তে ৮১ লাখ টাকার বেশি অবৈধ মালামাল উদ্ধার
চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা মূল্যের অবৈধ মালামাল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
শনিবার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালায় বিজিবির বিভিন্ন টহল দল। এ সময় দর্শনা, মুন্সীপুর, বড়বলদিয়া, মুজিবনগর, বুড়িপোতা, রুদ্রনগর, জগন্নাথপুর ও ঠাকুরপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা এসব মালামাল উদ্ধার করেন।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে ৬৮ বোতল ভারতীয় মদ, ১০৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৭ হাজার ৬৮০টি ভারতীয় ডেক্সাম্যাথাসন বড়ি, ৪ হাজার ৫৯০টি বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ, ৬৩০টি ভারতীয় ইনজেকশন, ৩৬টি সাইপ্রোহেপ্টাডিন বড়ি এবং ২০টি ভায়াক্রা বড়ি উদ্ধার করা হয়।
এ ছাড়া ৪ কেজি ভারতীয় পেঁয়াজের বীজ, ১৩টি চায়না দোয়ারি জাল, ১২টি বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী এবং ৪টি ভারতীয় থ্রিপিসও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক তালিকা মূল্য ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্তবর্তী এলাকা নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।