সারাদেশ
চুয়াডাঙ্গায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার বিকেল ৫টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভি. জে. স্কুলের সামনে থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জুলুম নির্যাতনের পরও যারা স্বাভাবিক জীবনযাপন করছে, তাতে তাদের কোনো সমস্যা নেই। তবে দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, রাষ্ট্রবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করতে তারা সবসময় সজাগ ও প্রস্তুত রয়েছেন। চক্রান্ত করে কেউ যেন নিজেদের বিপদ ডেকে না আনেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিন্টু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা। সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
মিছিল ও সমাবেশে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাশাপাশি চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর, আলমডাঙ্গা উপজেলা ও পৌর, দামুড়হুদা উপজেলা, দর্শনা থানা ও পৌর, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাস, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।