সারাদেশ

প্রধান সড়কে বেপরোয়া ট্রাক্টর কেড়ে নিল কলেজ শিক্ষকের প্রাণ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম

প্রধান সড়কে বেপরোয়া ট্রাক্টর কেড়ে নিল কলেজ শিক্ষকের প্রাণ
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাহজাহান আলী নামে এক কলেজ প্রভাষক নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল ৪০ বছর।

সোমবার ৫ অক্টোবর দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার হাটকালুগঞ্জ প্রধান সড়কসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে। তিনি হোগলডাঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলে করে যাওয়ার সময় হাটকালুগঞ্জ প্রধান সড়কসংলগ্ন এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে শাহজাহান আলীর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন।