সারাদেশ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, এলজিইডির সেই প্রকৌশলীকে বদলি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পিএম

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, এলজিইডির সেই প্রকৌশলীকে বদলি

ময়মনসিংহের নান্দাইল উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম ঘুষ গ্রহণের অভিযোগে অবশেষে বদলি হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই বিষয়টি আলোচনায় আসে এবং কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে কর্তৃপক্ষ।

সোমবার (১ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে ঘটনাটি নতুন করে ছড়িয়ে পড়লে জানা যায়, শফিকুল ইসলামকে নান্দাইল থেকে বদলি করে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর নিশ্চিত করেছে।

শফিকুল ইসলাম প্রায় পাঁচ বছর ধরে নান্দাইলে কর্মরত ছিলেন। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকায় সব ঠিকাদারের সঙ্গে সখ্য গড়ে উঠে তার। এ সুযোগে ঠিকাদারদের বাড়তি সুবিধা দিয়ে তিনি আর্থিক ফায়দা আদায় করতেন বলে অভিযোগ উঠে। এ অবস্থায় গত ১৭ নভেম্বর ফেসবুকে তার একটি ভিডিও ভাইরাল হয়। 

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, তিনি অফিসে তার চেয়ারে বসে একজনের কাছ থেকে ঘুসের টাকা নিয়ে তড়িঘড়ি করে টেবিলের ড্রয়ারে রাখছেন; কিন্তু বিষয়টি ধামাচাপা দিতে এগিয়ে আসেন সংশ্লিষ্ট অফিসের ঠিকাদাররা। পরদিন ১৮ নভেম্বর তারা (ঠিকাদাররা) অফিসের কেউ না হয়েও নান্দাইল উপজেলা এলজিইডি অফিসে সাংবাদিকদের ডেকে একটি সংবাদ সম্মেলন করেন। ওই সম্মেলনে তারা প্রকৌশলীর টাকা গ্রহণের ভিডিওটি ঘুস গ্রহণের কোনো ভিডিও নয়, সেটি বিয়ের উপঢৌকন বলে প্রতিবাদ ও ক্ষোভ জানান। কিন্তু ১৮ নভেম্বর যুগান্তরে ‘উপসহকারী প্রকৌশলীর ঘুসের ভিডিও ফাঁস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। 

খোঁজ নিয়ে জানা যায়, কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শফিকুল ইসলামকে নান্দাইল থেকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বদলির ব্যবস্থা করে।

বদলি হওয়া উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলামকে তার অফিসে গিয়ে পাওয়া যায়নি। 

এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক বিশ্বাস বদলির সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার হেড অফিস থেকে তাকে বদলি করা হয়েছে, তবে কী কারণে বদলি করা হয়েছে, সেটি তো বলতে পারব না, সেটা প্রশাসনিক বিষয়।