সারাদেশ

ময়মনসিংহে অবৈধ তেল মজুত, ২৪ হাজার লিটার জব্দ ও ২ লাখ টাকা জরিমানা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১০:১৬ পিএম

ময়মনসিংহে অবৈধ তেল মজুত, ২৪ হাজার লিটার জব্দ ও ২ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে একটি মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে প্রায় ২৪ হাজার লিটার তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় পাম্পের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় ‘মেসার্স পপি ট্রেডার্স’ নামের পেট্রোল পাম্পে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাম্পটিতে অবৈধভাবে মজুত করা ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেলসহ মোট ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় পাম্পের মালিক হাবিবুর রহমানকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, “জ্বালানি তেলের অবৈধ মজুত এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় জ্বালানি তেলের অস্বাভাবিক সংকট দেখা দিলেও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে তেল মজুত করে উচ্চমূল্যে বিক্রির চেষ্টা করছিলেন। প্রশাসনের এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।