সারাদেশ

ফেসবুকে বিদায়ী বার্তার পরদিন খালে মিলল তরুণের মরদেহ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম

ফেসবুকে বিদায়ী বার্তার পরদিন খালে মিলল তরুণের মরদেহ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিদায়ী পোস্ট’ দেওয়ার একদিন পর সাব্বির আহাম্মেদ (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার বিত্তাগুন খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত সাব্বির উপজেলার বাশিল এলাকার সুলতান আহমদের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি খালার কাছেই বড় হচ্ছিলেন।

পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে একটি বিদায়ী পোস্ট দেন সাব্বির। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভালুকা থানার উপপরিদর্শক সায়মন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।