সারাদেশ

প্রবাসীর স্ত্রীর ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পিএম

প্রবাসীর স্ত্রীর ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে প্রবাসীর স্ত্রীর ভাড়া বাসা থেকে কবীর হোসেন নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় কলেজের পেছনের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কবীর হোসেনের বয়স ২৫ বছর। তিনি ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের তেলীগ্রাম পূর্বপাড়া বড়ইআটা গ্রামের আবুল কালামের ছেলে। পড়াশোনার পাশাপাশি তিনি গৃহশিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ীয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওই বাসায় প্রবাসী উজ্জল হোসেনের স্ত্রী শিরিন আক্তার তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নিয়ে বসবাস করতেন। উজ্জল হোসেন বর্তমানে ওমানে অবস্থান করছেন। প্রায় দুই বছর ধরে শিরিন আক্তারের ছেলেকে বাসায় গিয়ে পড়াতেন কবীর হোসেন।

গত বৃহস্পতিবার শিরিন আক্তার ময়মনসিংহ শহরে তার বড় বোনের বাসায় যাওয়ার সময় কবীর হোসেনকে বাসায় থাকার জন্য চাবি দিয়ে যান। পরে শুক্রবার কোনো এক সময় বাসার ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতের মা জোসনা বেগমের দাবি, তার ছেলে বাড়িতে গেলে শিরিন আক্তার ফোন করে তাকে বাসায় ডেকে নিতেন। তার অভিযোগ, শিরিন আক্তারের কারণেই তার ছেলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

ফুলবাড়ীয়া থানার উপপরিদর্শক প্রদীপ সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার বিষয়ে ভাড়াটিয়া শিরিন আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, ঘটনাস্থলেই প্রবাসীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।