সারাদেশ
৩৪ ভারতীয় জেলে ও দুটি ফিশিং ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী
বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে বঙ্গোপসাগর থেকে দুটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। রবিবার (১৪ জুলাই) দিবাগত রাতে গভীর সমুদ্রের ফেয়ারওয়ে বয়া-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নৌবাহিনীর একটি সূত্র জানিয়েছে, আটক ভারতীয় জেলেরা দেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে গভীর সমুদ্রে মাছ শিকার করছিলেন। অভিযানে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের দুটি ভারতীয় ফিশিং ট্রলার জব্দ করা হয়। ট্রলার দু’টি থেকে বিপুল পরিমাণ ইলিশসহ প্রায় ১০০ মণ সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, “নৌবাহিনীর সদস্যরা আইন অনুযায়ী ট্রলার ও জেলেদের আটক করেছেন। জব্দকৃত মাছগুলো মৎস্য অফিসের তত্ত্বাবধানে নিলামে বিক্রি করা হচ্ছে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ৩৪ জন ভারতীয় জেলেকে মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।
বাংলাদেশের সমুদ্রসীমায় বিদেশি জেলেদের এই ধরনের অনুপ্রবেশ আগেও ঘটেছে, যা দেশের সামুদ্রিক সম্পদ ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে আরও কঠোর নজরদারির ব্যবস্থা করা হবে।