সারাদেশ
রাজশাহী বিএনপির সম্মেলনে গান গাইলেন সাবেক মন্ত্রী পলকের বোনজামাই
রাজশাহীতে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের মঞ্চে গান পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার, যিনি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি।
রবিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত এ সম্মেলনে গৌরবের অংশগ্রহণে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
গৌরবের বাড়ি রাজশাহীতে হলেও শ্বশুরবাড়ি নাটোরের সিংড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, তার স্ত্রী সেতু পলকের ফুপাতো বোন। পলক প্রতিমন্ত্রী থাকাকালে তাকে ‘নগদ’-এ চাকরি দেন।
গৌরবের সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে দেখা গেছে, তিনি অতীতে আওয়ামী লীগ সমর্থনে পোস্ট দিয়েছেন, নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। এমনকি আওয়ামী লীগ সরকারের নানা প্রচারমূলক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।
এই প্রেক্ষাপটে সাংবাদিক জসিম উদ্দিন ফেসবুকে লিখেছেন, “কট্টর আওয়ামী লীগ সমর্থক একজন গায়ককে বিএনপির মঞ্চে দেখে বিস্মিত অনেকে।” তার অভিযোগ, গৌরবের স্ত্রীও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ে চাকরি নিয়েছেন।
এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ ও বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের মন্তব্য পাওয়া যায়নি।