সারাদেশ
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী শামীমা পারভীন রত্না গ্রেফতার
সাতক্ষীরায় আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নেত্রী শামীমা পারভীন রত্না জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক এবং স্থানীয় প্রতিষ্ঠান বর্ণমালা একাডেমির পরিচালক পদে রয়েছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, রত্নার বিরুদ্ধে একটি নাশকতা মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
শামীমা পারভীন রত্না দীর্ঘদিন ধরে জেলার সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।