সারাদেশ
গোসল করতে নেমে খালের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
মাগুরার মহম্মদপুর উপজেলায় একটি খালের পানিতে গোসল করতে নেমে তিন কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো—চাপাতলা গ্রামের মোহাম্মদ আনারুলের মেয়ে তারিন (৯), মোহাম্মদ সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৮) এবং তরিকুল ইসলামের মেয়ে তানহা (৯)। তিনটি কোমল প্রাণের এমন অকাল মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রহমান জানান, দুপুরের দিকে তিন শিশু একসঙ্গে বাড়ির পাশের খালে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুব দিতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। কিছু সময় পর আশপাশের লোকজন শিশুদের দেখতে না পেয়ে খালের পানিতে খোঁজাখুঁজি শুরু করেন।
তিনি আরও জানান, স্থানীয়রা পরে তিন শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদুর রহমান শিশুদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গ্রামজুড়ে চলছে শোকের মাতম। তিনটি পরিবারের সদস্যরা এখনো বিশ্বাস করতে পারছেন না তাদের আদরের সন্তানরা আর ফিরে আসবে না। শিশুদের মৃত্যুতে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন।
চাপাতলা গ্রামের প্রবীণ বাসিন্দা আলহাজ মো. জাহিদুল ইসলাম বলেন, “একসঙ্গে তিনটি শিশুর মৃত্যু আমরা কোনোদিন দেখিনি। পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেছে।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।