সারাদেশ
নির্বাচনের জন্য সারাদেশে ৪৮ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সারাদেশে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় ইতিমধ্যেই ৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণে নির্বাচনি আচরণবিধি, দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখা, সংঘাত পরিস্থিতি মোকাবিলা, ভোটকেন্দ্র নিরাপত্তা ও সমন্বিত টহল ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রশিক্ষণ তাদের নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা বজায় রাখতে আরও প্রস্তুত করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব জেলা, মহানগর, রেঞ্জ ও থানা পর্যায়ের পুলিশ সদস্যরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।
পুলিশ সদর দপ্তর আশা করছে, এই প্রশিক্ষণ নির্বাচনী দিন শান্তি ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভোটাররা নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশে ভোট দিতে পারবেন।