সারাদেশ
টাঙ্গাইলে নূরানী বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৮ হাজার শিক্ষার্থী
নূরানী স্কলারশীপ বৃত্তি পরীক্ষায় মেধার পরীক্ষা দিতে টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহের ২৫টি উপজেলার প্রায় ৮ হাজার শিশু শিক্ষার্থী অংশ নিয়েছেন। টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। ধাপে ধাপে চার জেলার বিভিন্ন উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৫ নভেম্বর) টাঙ্গাইলের ঘাটাইলের শাহ্পুর তাহিরীয়া দারুস্ সুন্নাহ্ হাফিজিয়া ও নূরানী মাদরাসা এবং কালিহাতীর রাজাফৈর কওমীয়া হাফিজিয়া মাদরাসা ও আবু আশরাফ খান (অবঃ জজ) মাদরাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে জেলার ভূঞাপুর, মধুপুর, গোপালপুর ও ধনবাড়ী এবং জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন মাদরাসায় পরীক্ষা সম্পন্ন হয়েছে।
কালিহাতীর রাজাফৈর কওমীয়া হাফিজিয়া মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী সাবিহা এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আতিয়া ও হাসান জানান, “আমরা এর আগে কখনো বৃত্তি পরীক্ষায় অংশ নিইনি। এবারই প্রথম পরীক্ষা দিতে পেরে আমরা খুব আনন্দিত।”
অভিভাবকরা বলেন, এই স্কলারশীপ বৃত্তি পরীক্ষা শিশুদের পড়াশোনায় উৎসাহ যোগাচ্ছে এবং সারা বছরের পড়াশোনার মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মাদরাসার শিক্ষকরা জানান, “এটি শুধুমাত্র বৃত্তি পরীক্ষা নয়। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পড়ার দক্ষতা বৃদ্ধি পায়, প্রতিযোগিতার মান বৃদ্ধি পায় এবং শিক্ষার্থীরা পাঠ্যভাষায় আরও আত্মবিশ্বাসী হয়। পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিশুদের আগ্রহ বাড়াতে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।”
টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী জানান, “২০১৭ সাল থেকে আমরা এই পরীক্ষার আয়োজন করে আসছি। পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে বাইসাইকেল, শিক্ষা উপকরণ এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষকদেরও সম্মাননা দেওয়া হয়। ভবিষ্যতেও আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখব।”