সারাদেশ

নওগাঁয় তাপমাত্রা নামলো ১২.১ ডিগ্রিতে


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ এএম

নওগাঁয় তাপমাত্রা নামলো ১২.১ ডিগ্রিতে
ছবি: সংগৃহীত

ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই নওগাঁর আকাশ বাতাস বদলে গেছে। দিনের রোদের গরম যেন সন্ধ্যার পর কোথায় মিলিয়ে যায়! সূর্য ডুবতে না ডুবতেই হিমেল হাওয়া আর কুয়াশা মিলে পুরো জেলাজুড়ে বইতে শুরু করেছে শীতের সুর।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, জেলায় ১২.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, যা চলতি শীতে নওগাঁর এ পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রা। আর্দ্রতা প্রায় ৯৯ শতাংশ—মানে পুরো বাতাসই যেন ভিজে শীতল।

স্থানীয়রা বলেছেন, সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার সঙ্গে বেশ শীত অনুভূত হয়। রাতভর হালকা কুয়াশার ঢেকে থাকে এলাকা। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কমে যায় ঠান্ডার অনুভূতি। সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের কারণে গরম অনুভূত হয়। প্রতিদিনের মতো আজ রোববার তাপমাত্রা কম থাকলেও সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ ছিল। 

সদর উপলোর দুবলহাটি এলাকার ইউনুস আলী বলেন, দিনের বেলা রোদ ঝলমলে ও গরম আবহাওয়া থাকে। কিন্তু সন্ধ্যা হলেই গায়ে পড়তে হয় শীতের কাপড়। ঘুমোতে গেলে কম্বল ছাড়া উপায় থাকে না।

বরুনকান্দি এলাকার ভ্যানচালক জীবন বলেন, ‘সন্ধ্যা পর হালকা বাতাস ও শীতের কারনে রিকশা চালানো কষ্ট হয়ে যায়। আজ সূর্য উঠার আগ পর্যন্ত কুয়াশা ছিল। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ভ্যান চালানোই কষ্ট। সকালে যাত্রীও পাওয়া যায় না।’

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আজ সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা কমতে পারে।’