সারাদেশ

আইনজীবী আলিফ হত্যায় অংশ নেয়া যুবক গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

আইনজীবী আলিফ হত্যায় অংশ নেয়া যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া অন্যতম প্রধান অভিযুক্ত সুকান্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার সন্ধ্যায় বান্দরবান এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া সুকান্তকে ঘটনার দিন আদালত প্রাঙ্গণে সাদা টি-শার্ট পরিহিত অবস্থায় আইনজীবী আলিফের ওপর হামলা করতে দেখা গিয়েছিল, যা পরবর্তীতে বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী সুকান্তের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া এই যুবকের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও ডাকাতিসহ মোট আটটি মামলা রয়েছে। সুকান্তের গ্রেপ্তারের মধ্য দিয়ে এই আলোচিত হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ২২ জন আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হলো।

২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত আলিফের বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছিলেন।

পরবর্তীতে মামলার তদন্ত প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১ জুন ৩৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। গত ২৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সেই চার্জশিট গ্রহণ করেন।

চার্জশিটে উল্লেখ করা হয় যে, বঁটি, লোহার রড, ত্রিশূল ও পাথরসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে আইনজীবী আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বর্তমানে পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।