সারাদেশ

ফরিদপুরে সাব-রেজিস্টার অফিসের ৫ কর্মকর্তা-কর্মচারীর নামে দুদকের মামলা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম

ফরিদপুরে সাব-রেজিস্টার অফিসের ৫ কর্মকর্তা-কর্মচারীর নামে দুদকের মামলা
ছবি: সংগৃহীত

ফরিদপুর সদর সাব-রেজিস্টার অফিসে দীর্ঘদিন ধরে চলা ঘুষের বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পাঁচ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

সোমবার (২ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন দুদক ফরিদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. শামীম হোসেন। রোববার (১ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী অভিযুক্তরা হলেন— সাবেক সাব-রেজিস্টার মো. ইউসুফ আলী মিয়া (৬০), তুলনাকারক মো. মেহেদী হাসান (৩৭), নকলকারক মনোয়ার হোসেন (৪০), পাঠক মো. জাহিদ শেখ (৪১) এবং মো. জিহাদ শেখ (৩৩)।

এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে সাধারণ মানুষকে দলিল নিবন্ধনের নামে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করতেন। সরকারি নির্ধারিত ফির বাইরে ঘুষ না দিলে দলিল গ্রহণে দেরি, হয়রানি বা কখনও কখনও দলিল ফেরত দেওয়ার অভিযোগও রয়েছে।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ২০১৭–২০১৮ সালের মধ্যে অভিযুক্তরা অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ আদায় করেন, যা দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ডে তারা রাষ্ট্রের দেওয়া ক্ষমতার অপব্যবহার করেছেন।

ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় পূর্বে অভিযোগ প্রাপ্তির পর বিষয়টি তদন্ত করে এবং প্রমাণ ও নথিপত্র পর্যালোচনার ভিত্তিতে দুদক মামলা দায়েরের অনুমোদন দেয়। মামলা ১৮৭৯ সালের দণ্ডবিধি ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে।

ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাশ বলেন, “মামলাটি আদালতে বিচারাধীন প্রক্রিয়ায় আছে। প্রয়োজনীয় কাগজপত্র জব্দ ও সাক্ষ্যগ্রহণের প্রস্তুতিও চলছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ফরিদপুরে এই ঘটনায় সাধারণ সেবাপ্রত্যাশীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে, তবে সরকারি দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হয়েছে।