সারাদেশ
কুষ্টিয়ায় উপরওয়ালা কেউ নেই, উপরওয়ালা এখন আমি: আমির হামজা
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে কুষ্টিয়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, কুষ্টিয়ায় উপরওয়ালা কেউ নেই। উপরওয়ালা এখন আমি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এমপি আমির হামজা বলেন, মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল ঘিরে একাধিক লিখিত অভিযোগ তার কাছে এসেছে। বিষয়টি তিনি সদর দপ্তরে অবহিত করেছেন। সংশ্লিষ্টরা প্রথমে ভুল স্বীকার করে এবং উপরওয়ালার দোষ দেয়। এ সময় তিনি বলেন, কুষ্টিয়ায় উপরওয়ালা কেউ নেই। উপরওয়ালা এখন আমি। সুতরাং কিছু হলে আমাকে জানাবেন।
তিনি জানান, কোনো ধরনের ‘দুই নম্বরি’ সহ্য করা হবে না। কেউ অনৈতিক সুবিধা দাবি করলে সরাসরি তার কাছে জানানোর আহ্বান জানান এমপি। কিছু ‘কালো হাত’ সক্রিয় থাকার তথ্যও তিনি পেয়েছেন বলে উল্লেখ করেন।
সংসদ অধিবেশন শুরুর আগেই জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর পরিদর্শনে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। সিভিল সার্জন সংক্রান্ত বিষয় তার বিবেচনায় রয়েছে বলেও উল্লেখ করেন, তবে এ নিয়ে আগাম কিছু বলতে চাননি।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ইকবাল হোসন এবং মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।