সারাদেশ

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৬:৩৩ পিএম

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের
ছবিঃ সংগৃহিত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রেলওয়ে সেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার ঘাটিনা রেলওয়ে সেতুতে এ ঘটনা ঘটে বলে জানান উল্লাপাড়া মডেল থানার এসআই মোকলেছুর রহমান। নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আলফে সানি এবং একই এলাকার আক্তার হোসেনের ছেলে ফয়সাল হোসেন।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে দুই যুবক ঘাটিনা সেতু থেকে শিমুল ফুলের বাগান দেখতে ও ছবি তুলতে রেল সেতুতে ওঠেন। এ সময় হঠাৎ একটি ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এতে সেতুর নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন মারা যায়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, তারা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছেন। রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।