সারাদেশ
নরসিংদীতে ২ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় একই গ্রাম থেকে ২ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে পলাশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন- ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের বাশির উদ্দিন শেখের ছেলে শেখ শরিফ (২৭) এবং একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই যুবকের মরদেহ তাদের নিজ নিজ রুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কুতুব উল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মুসান্না গালিব মিমের মৃত্যু চার থেকে পাঁচ দিন আগে হয়েছে। তার মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। অন্যদিকে শেখ শরিফের আজ মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।