সারাদেশ
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নীতি দত্ত চাকমা নামে ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পানছড়ি উপজেলার মানিক্যপাড়ায় নিজ সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে নীতি দত্ত চাকমা গুলিবিদ্ধ হন। তিনি ইউপিডিএফ-গণতান্ত্রিকের পানছড়ি উপজেলার সহ-সভাপতি ও পোস্ট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। লটারি পরিচালনাকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়, তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
তবে এ হত্যাকাণ্ড নিয়ে ভিন্ন দাবি করেছে সংগঠনটির নেতারা। ইউপিডিএফ-গণতান্ত্রিকের এক সম্পাদক বলেন, এটি কোনো অভ্যন্তরীণ কোন্দল নয়; বরং কাজে যাওয়ার পথে ইউপিডিএফ-প্রসীত গ্রুপের সশস্ত্র সদস্যরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং ডেথ সার্টিফিকেট অনুযায়ী নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। চিকিৎসকদের বরাতে তিনি বলেন, নীতি দত্ত চাকমাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু ঘটে।
অন্যদিকে, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।