সারাদেশ

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৭ পিএম

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’
ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী রুমি বেগম (২৯)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনাকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে নিহতের পরিবার।

শনিবার (২৮ মার্চ) উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমি বেগম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলে প্রবাসী শিপন মোল্লার স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ২০১২ সালে রুমি বেগমের সঙ্গে শিপন মোল্লার বিয়ে হয়। তাদের সংসারে ১২, ৪ ও ৩ বছর বয়সী দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল বলে অভিযোগ রয়েছে।

নিহতের বড় বোন সুমি আক্তার অভিযোগ করেন, “বিয়ের পর থেকেই আমার বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। গতকাল রাত ১০টার দিকেও তার সঙ্গে কথা হয়েছে। সে আত্মহত্যা করার মতো অবস্থায় ছিল না। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, এটি পরিকল্পিত হত্যা।”

এ বিষয়ে রাজৈর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কুতুবউদ্দিন আহম্মেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।