সারাদেশ

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে স্লিপার বাসের ধাক্কা, নিহত ২, আহত অন্তত ৬


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:০৩ এএম

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে স্লিপার বাসের ধাক্কা, নিহত ২, আহত অন্তত ৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে স্লিপার বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন যাত্রী।

রোববার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে ঢাকাগামী ‘হেরিটেজ স্লিপার কোচ’ নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবুর পরিচয় শনাক্ত হয়েছে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় নিশ্চিতকরণে কাজ চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।