সারাদেশ

অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার জ্বালানি তেল জব্দ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পিএম

অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার জ্বালানি তেল জব্দ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের যৌথ তৎপরতায় মোট ১৩ হাজার ৯৮০ লিটার ডিজেল বাজেয়াপ্ত করা হয়। অভিযানের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে পৃথকভাবে কারাদণ্ড এবং জরিমানা প্রদান করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) অভিযান শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি, জানান, মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত গোদনাইল মেঘনা ডিপোর পাশে একটি অটোরিকশার গ্যারেজ থেকে ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত সিফাত গাজীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এরপর রাত ১২টার দিকে মেঘনা ডিপো সংলগ্ন বাসস্ট্যান্ড রোডের একটি বাড়ি থেকে আরও চার হাজার ৮৮০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়। অভিযুক্ত নাসিরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এ অভিযান চলাকালীন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।