সারাদেশ
বগুড়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী এক শিশু মারা গেছে। হাসপাতালে আরও ১১ শিশু ভর্তি আছে।
আজ বুধবার (০১ এপ্রিল) ভোরে শিশুটি হামের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
হাসপাতালের উপপরিচালক মো. মনজুর এ মুর্শেদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ৩১ মার্চ হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশু আজ ভোরে মারা যায়। তার শরীরে হামের উপসর্গ ও নিউমোনিয়া ছিল।
তিনি আরও জানান, বর্তমানে হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশু ভর্তি আছে। এখন পর্যন্ত ১৮ শিশু হামের উপসর্গ নিয়ে এ হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
উপপরিচালক বলেন, 'জনবল সংকট নিয়ে কাগজে-কলমে ৫০০ শয্যার এ হাসপাতাল চলছে। বর্তমানে এখানে ২ হাজার ২০০ রোগী ভর্তি আছে।'
এদিকে, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাধায়ক মজিদুল ইসলাম জানান, এ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে একজন ভর্তি আছে। হামের উপসর্গ নিয়ে চিকিৎসা গ্রহণ করেছে ৭ জন।
জেলা সিভিল সার্জন খুরশিদ আলম বলেন, 'বগুড়ায় এ পর্যন্ত ৪০ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। ২৬ জনের নমুনা পরীক্ষায় দুজনের হাম ধরা পড়ে।'
ভ্যাকসিনের কথা জানতে চাইলে সিভিল সার্জন বলেন, 'আমাদের এখানে ভ্যাকসিনের সীমাবদ্ধতা রয়েছে। প্রয়োজনীয় ভ্যাকসিনের জন্য আবেদন করেছি। আশা করি দুয়েকদিনের মধ্যে পেয়ে যাব।'