সারাদেশ

‘বৈশাখী চাঁদা’ না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩০ পিএম

‘বৈশাখী চাঁদা’ না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে
ছবি: সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া

পটুয়াখালী শহরে ‘বৈশাখী চাঁদা’ না দেওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে হামলা ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় মৎস্যজীবী দলের কয়েকজন নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সদর থানার পাশের জেলা পুলিশের মালিকানাধীন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী খোকন মল্লিক (৪৪) বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই মার্কেটে ভাড়া নিয়ে মুরগির ব্যবসা পরিচালনা করতেন।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, স্থানীয় মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গাজী (৪৫), সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক শামীম (৩৮) এবং তাদের সহযোগীরা পহেলা বৈশাখ উপলক্ষে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে একাধিকবার চাপ দেওয়া হয়।

খোকন মল্লিক জানান, মঙ্গলবার দুপুরে দোকানে থাকা অবস্থায় ১০ থেকে ১২ জনের একটি দল তার দোকানে হামলা চালায়। এ সময় দোকানে ভাঙচুর করা হয় এবং তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে চাপাতি দিয়ে তার হাতে আঘাত করা হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, এর আগেও বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচি ও ব্যক্তিগত কারণ দেখিয়ে তার কাছ থেকে কয়েক দফায় মোট ৭ থেকে ৮ লাখ টাকা চাঁদা আদায় করা হয়েছে। নিরাপত্তার কারণে তিনি বিষয়টি গোপন রাখতে বাধ্য হন বলেও জানান।

এদিকে এসব অভিযোগ অস্বীকার করে বাবুল গাজী জানান, খোকন মল্লিক স্বৈরাচারের দোসর এবং তিনি বাজারে মৃত মুরগি বিক্রি করেন। এ বিষয়ে প্রতিবাদ করা হলে উল্টো তিনি তাদের ওপর চড়াও হন, যা থেকে সংঘর্ষ হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আহতকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।