সারাদেশ

কুষ্টিয়ায় এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ১০  


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পিএম

কুষ্টিয়ায় এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ১০  
ছবিঃ সংগৃহিত

কুষ্টিয়ার দৌলতপুরে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে রবিউল ইসলাম নামে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ২  জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।  

গতকাল সোমবার (২০ এপ্রিল) উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রবিউল ইসলাম (৩৬)  উপজেলার মরিচা ইউনিয়নের মো. হাফেজ প্রামাণিকের ছেলে ও  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

গুলিবিদ্ধ অন্যরা হলেন- সোহেল রানা (৪৫), তার স্ত্রী তমা খাতুন (২৬), কামরুল ইসলাম (৩৭), মুন্নি (২৪), তৌহিদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী মেরিনা (২৫), রুনা খাতুন (২৭), মিতা খাতুন (৩০)। 

স্থানীয়দের বরাতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সোমবার রাতে একদল মুখোশধারী দুষ্কৃতকারী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতকারীরা ব্রাশফায়ার ও শটগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে নারী ও পুরুষসহ ১০ জন গুলিবিদ্ধ হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।