সারাদেশ

পরীক্ষাকেন্দ্রে পুলিশের কড়া নিরাপত্তা, স্বস্তিতে শিক্ষার্থী ও অভিভাবক


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পিএম

পরীক্ষাকেন্দ্রে পুলিশের কড়া নিরাপত্তা, স্বস্তিতে শিক্ষার্থী ও অভিভাবক
ছবি: ঢাকাপ্রকাশ

নতুন সরকার গঠনের পর সারা দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। গত ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এই পরীক্ষার কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কঠোর প্রশাসনিক নজরদারি লক্ষ্য করা গেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়।

পরীক্ষার শুরু থেকেই কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবং রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন। জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে।

সরেজমিনে দেখা গেছে, ওসি জসিম উদ্দিন নিজে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখছেন। তিনি পরীক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছেন এবং কোনো ধরনের বহিরাগত বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। পরীক্ষা হলের ভেতরে ও বাইরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তার এই কার্যক্রম শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

কেবল নিরাপত্তাই নয়, কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ দুশ্চিন্তাগ্রস্ত অভিভাবকদের সঙ্গেও ওসি জসিম উদ্দিনকে সৌজন্যমূলক ও সান্ত্বনামূলক আচরণ করতে দেখা গেছে। তিনি অভিভাবকদের আশ্বস্ত করেছেন যে, তাদের সন্তানরা সম্পূর্ণ নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিচ্ছে।

উপজেলা প্রশাসনের এই তৎপরতাকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে। বিশিষ্টজনদের মতে, প্রশাসনের এই সহযোগিতামূলক ও কঠোর অবস্থানই আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থার ভিত্তি তৈরি করবে।