সারাদেশ

টাঙ্গাইলে অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় পুড়েছে ২০০ বিঘা জমির আধাপাকা ধান


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম

টাঙ্গাইলে অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় পুড়েছে ২০০ বিঘা জমির আধাপাকা ধান
ছবি: ঢাকাপ্রকাশ

পরিবেশ অধিদপ্তরের নিয়ম-নীতি উপেক্ষা করে টাঙ্গাইলের ঘাটাইলে কৃষিজমির পাশে অবৈধভাবে স্থাপন করা হয়েছে ইটভাটা। এসব ইটভাটার চিমনি থেকে নির্গত কালো ধোঁয়ায় পুড়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের ধানখেত। ইতোমধ্যে প্রায় ২০০ বিঘা জমির আধাপাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দিশেহারা ও দুশ্চিন্তায় পড়েছেন জমির মালিক ও বর্গাচাষীরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের আনহেলা ইউনিয়নের সিংগুড়িয়া এলাকায় সরেজমিনে ধানখেতের এমন চিত্র দেখা যায়।

ক্ষতিগ্রস্ত জমির মালিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, লিয়াকত তালুকদার, খালেক, শফিকুল ইসলাম, রোস্তম আলীসহ আরও অনেক কৃষক জানান, সিয়াম ও স্বর্ণা ইটভাটার কালো ধোঁয়ার কারণে প্রায় ২০০ বিঘা জমির ধানগাছের পাতা লালচে হয়ে শুকিয়ে যাচ্ছে। ধানের নতুন ছড়া সাদা হয়ে যাচ্ছে এবং চিটা দেখা দিচ্ছে। এসব ধান এক সপ্তাহের মধ্যে পাকতে শুরু করার কথা থাকলেও তার আগেই ধোঁয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণের দাবি জানিয়ে বলেন, কৃষিজমির পাশে অবৈধভাবে ইটভাটা স্থাপনের পর থেকেই প্রতি বছর ফসলের ক্ষতি হচ্ছে। ধান ছাড়াও শাকসবজি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে চলতি মৌসুমে ধানের ক্ষতি সবচেয়ে বেশি হওয়ায় তারা দ্রুত এসব ইটভাটা বন্ধের দাবি জানান।

এ বিষয়ে সিয়াম ইটভাটার অংশীদার শহীদুল ইসলাম বলেন, ইটভাটার ধোঁয়ায় ধানের ক্ষতি হয়েছে—এ বিষয়টি তিনি সরেজমিনে দেখেছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, বিষয়টি তার জানা হয়েছে এবং তদন্তের জন্য সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ বলেন, বিষয়টি সম্পর্কে তাকে অবহিত করা হয়নি। ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।