সারাদেশ

আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম

আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ লাইনের উন্নয়ন ও জরুরি মেরামত কাজের কারণে শনিবার (২৫ এপ্রিল) সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সুনামগঞ্জের দিরাই উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হলেই পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানায়, সিলেট নগরের কয়েকটি এলাকায় শনিবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেটসহ আশপাশের এলাকা। এছাড়া বিমানবন্দর ১১ ফিডারের আওতাধীন আরও কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক এলাকাও এই সময় বিদ্যুৎবিহীন থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করা হয়েছে।