সারাদেশ
ভারি বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, পাঁচ জেলায় বন্যার পুর্ভাবাস
দেশজুড়ে টানা ভারি থেকে অতিভারী বৃষ্টির কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, ফলে পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার কিছু এলাকায় বন্যা শুরু হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় এসব এলাকায় পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা রয়েছে।
সংস্থাটির এক কর্মকর্তা জানান, চলমান বৃষ্টিপাত অন্তত আরও কয়েকদিন স্থায়ী হতে পারে, যা বন্যা পরিস্থিতিকে দীর্ঘায়িত করতে পারে।
এদিকে দেশের চারটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। এসব নদী হলো ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা। এর মধ্যে বেশ কয়েকটি নদী নেত্রকোনা অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত।
পাশাপাশি সুরমা ও কুশিয়ারা নদীর পানিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে ছোট নদীগুলোর পানি দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের নিকলীতে সর্বোচ্চ ১৬১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া ভোলা ও ফেনীতেও উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই বৃষ্টিপাত একটানা না হয়ে বিভিন্ন এলাকায় বিরতি দিয়ে হতে পারে এবং আগামী কয়েকদিন পর্যন্ত এর প্রভাব থাকতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বৃষ্টিপাত কমে গেলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর আগে নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।